আজ বৃহস্পতিবার, দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার মোখলেসপুর ইউনিয়নের ঢেলপীর নামক যায়গায় বোরো ধান কর্তন করে উদ্বোধন করেন অর্ন্তবর্তীকালীন সরকারের কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন- ভয়ের কোনো কারণ নেই, আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ রয়েছে। এখানে কোন ধরনের সমস্যা নেই। কৃষকরা ভালোভাবে ধান কাটতে পারবেন।
এর পরে উপদেষ্টা স্থানীয় কৃষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন। এ সময় তিনি বলেন, লিচুতে অনেক সময় বেশি কীটনাশক প্রয়োগ করা হয়। যেটা স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকর। এ বিষয়ে তিনি কৃষি অফিসারের সঙ্গে পরামর্শ করে কীটনাশক প্রয়োগ করার পরামর্শ দেন এবং কৃষকদের উদ্দেশে বলেন, লিচু যখন পেকে যাবে, তখন আপনারা কীটনাশক প্রয়োগ করবেন না। এটা মানুষের জন্য চরম ক্ষতিকর।
সেই সঙ্গে কৃষি বিভাগের পক্ষ থেকে উঠান-বৈঠক করার কথাও বলেন উপদেষ্টা। এ সময় তিনি বলেন, উঠান বৈঠকের জন্য অনেক টাকা বরাদ্দ দেওয়া হয়। কৃষি বিভাগের কর্মকর্তাদের সতর্ক করে তিনি বলেন,‘উঠান বৈঠকের টাকা পকেটে ঢুকাবেন না।’
কৃষি উপদেষ্টা বরেন্দ্র কর্তৃপক্ষ যেন পানির বিল কমিয়ে নেয়, সে জন্য বরেন্দ্র চেয়ারম্যানকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব (নির্বাহী পরিচালক) তরিকুল ইসলাম, রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলীসহ রংপুর বিভাগের ৮টি জেলার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Post a Comment